কৈলাসের দিনলিপি Kailash Diaries
ফেরার পথে
The story continues, one month at a time.
প্রস্তাবনা Prologue
অক্টোবর 2026 October 2026
কৈলাসে ফেরার পথ। গণেশ একটু এগিয়ে গিয়ে দাঁড়াল। মা আবার পিছনে তাকাচ্ছেন।
গণেশ: মা, কিছু ফেলে এসেছ?
মা: না তো।
গণেশ: তা হলে বারবার পিছনে দেখছ কেন? এই নিয়ে তিনবার।
মা: তুই গুনছিস?
গণেশ: তুমি দাঁড়ালে আমাকেও তো দাঁড়াতে হচ্ছে!
মা হেসে কাছে এলেন। গণেশের কাঁধ থেকে সরে যাওয়া চাদরটা টেনে দিলেন।
মা: ঠান্ডা লাগছে?
গণেশ: একটু। কিন্তু তুমি কথাটা ঘুরিয়ে দিলে।
মা: মনে হল, কেউ যেন আবার ‘মা’ বলে ডাকল।
গণেশ: এত দূর থেকেও শুনতে পাচ্ছ?
মা: না রে। আসার সময়ের ডাকটাই বোধহয় কানে লেগে আছে।
গণেশও একবার পিছনে তাকাল। তারপর মায়ের পাশে এসে দাঁড়াল।
গণেশ: আমারও এখনও ঢাকের আওয়াজটা মনে হচ্ছে।
মা: তাই বুঝি সারাটা পথ আঙুল দিয়ে তাল ঠুকছিস?
গণেশ: তুমি দেখেছ?
মা: তুই শুধু আমার পিছন ফিরে তাকানোই গুনবি?
দুজনেই হাসলেন। মা এবার সামনে পা বাড়ালেন।
গণেশ: মা!
মা: আবার কী হল?
গণেশ: এত জোরে হেঁটো না। তোমার পাশে পাশে যাব।
মা হাত বাড়িয়ে দিলেন। এবার আর গণেশকে এগিয়ে গিয়ে দাঁড়াতে হল না।